অর্থনীতি ডেস্ক: দেশের ব্যাংকিং খাতের চলমান সংকটের মধ্যে গ্রাহকের আস্থা অর্জনকেই সবচেয়ে কঠিন কাজ হিসেবে উল্লেখ করেছেন ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহিত রহমান। একটি সংবাদমাধ্যমের অনলাইন আয়োজনে দেওয়া সাক্ষাৎকারে তিনি ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি, খেলাপি ঋণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। আমানত সংগ্রহ ও ঋণ বিতরণ—উভয় ক্ষেত্রেরই নিজস্ব চ্যালেঞ্জ রয়েছে বলে জানান এই অভিজ্ঞ ব্যাংকার। নতুন উদ্ভাবনী সেবা ও সমাধানের মাধ্যমে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা গেলে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে অগ্রগতি সম্ভব বলে তিনি মনে করেন।
বহুজাতিক ব্যাংকে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে মুহিত রহমান জানান, স্থানীয় ব্যাংকিং খাতে সুশাসন ও নগদ প্রবাহভিত্তিক ঋণ বিতরণে কাজের প্রচুর সুযোগ রয়েছে। তাঁর ব্যাংকের সার্বিক কার্যক্রমে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে সামনে এগিয়ে নিতে তিনি কাজ করে যাচ্ছেন। সম্প্রতি ওয়ান ব্যাংকের নিট আমানত উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যা গ্রাহকের আস্থারই প্রতিফলন বলে দাবি করেন তিনি। ব্যাংকটির মূলধন ভিত্তি আরও শক্তিশালী করতে বন্ডের মাধ্যমে তহবিল সংগ্রহের প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ব্যাংক খাতের অন্যতম বড় সমস্যা বিশাল পরিমাণ খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ওয়ান ব্যাংক ইতোমধ্যে একটি রিকভারি টাস্কফোর্স গঠন করেছে বলে জানান সিইও। যেসব শিল্প কারখানা বিভিন্ন কারণে বন্ধ রয়েছে, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন স্কিমের সহায়তায় সেগুলোকে পুনরায় চালু করার চেষ্টা চলছে। যেসব কারখানা পুরোপুরি অচল হয়ে পড়েছে, সেগুলোর ক্ষেত্রে নিলামের মাধ্যমে নতুন ক্রেতা খোঁজার ওপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া বিদেশি ব্যাংকের আদলে ঋণ খেলাপি হওয়ার আগেই ‘আগাম সতর্কীকরণ ব্যবস্থা’ বা আর্লি অ্যালার্ট সিস্টেম চালুর প্রস্তাব দেন তিনি।
ব্যাংকিং খাতের অনিয়মের দায় কেবল নিয়ন্ত্রক সংস্থা বা ব্যাংকগুলোর ওপর এককভাবে চাপাতে নারাজ এই শীর্ষ নির্বাহী। তাঁর মতে, শক্তিশালী সুশাসন এবং কার্যকর ঋণনীতি থাকলে কোনো প্রভাবশালী ব্যক্তির পক্ষে চাপ সৃষ্টি করে অযৌক্তিক ঋণ নেওয়া সম্ভব নয়। প্রচলিত করপোরেট ব্যাংকিংয়ের পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়াতে এসএমই ও রিটেইল খাতে আরও বেশি মনোযোগ দেওয়ার তাগিদ দেন তিনি। ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসারে তাদের ‘ওয়ান অ্যাপ’ ও ‘ওকে ওয়ালেট’-এ বড় ধরনের বিনিয়োগ করা হয়েছে এবং পারস্পরিক আন্তঃসংযোগিতা সুবিধা চালুর ফলে এসব সেবার পরিধি আরও প্রসারিত হচ্ছে।





































