আগামী ২৪ জানুয়ারি ২০২৭ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আয়োজনে কোরিয়া-বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কোরিয়া-বাংলাদেশ ইয়ুথ এক্সচেঞ্জ এন্ড ক্লাইমেট এ্যাকশন প্রজেক্টের অংশ হিসেবে কোরিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
বুধবার (১৮ নভেম্বর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন দক্ষিণ কোরিয়া থেকে আগত প্রতিনিধিদল।
কোরিয়া-বাংলাদেশ ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন প্রজেক্টের আওতায় আগামী ১৩ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোরিয়ার ঐতিহ্যবাহী নৃত্য ,তায়কোয়ান্দো, কোরিয়ান গান এবং রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও নৃত্য, গান ইত্যাদি পরিবেশন করা হবে।
এই সাক্ষাৎকালে কোরিয়ার প্রতিনিধিদল জানায় এই আয়োজনের মূল লক্ষ্য কোরিয়ান ভাষা, তায়কোয়ান্দো ও কে-কালচার বিষয়ে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ সৃষ্টি, দুই দেশের তরুণদের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করা এবং একটি টেকসই দ্বিপক্ষীয় অংশীদারত্ব গড়ে তোলা। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বৈশ্বিক যুব সংহতি প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগকে উৎসাহিত করা।
উপ-উপাচার্য (শিক্ষা) এ অনুষ্ঠানে কোরিয়া দলকে স্বাগত জানান এবং অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় কোরিয়ান ইউনিভার্সিটি কাউন্সিল ফর সোশ্যাল সার্ভিসের এ্যাসিস্টান্ট ম্যানেজার ইয়ঙ ইয়ুন চো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোরিয়ান ভাষা প্রশিক্ষক ইও জিইয়ন, লিম বঙ ট্যাক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক আজমল আমীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ উপ-পরিচালক মো. কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
































