আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে যুব কংগ্রেসের দুই নেতার অ্যাকাউন্ট স্থগিত করার প্রতিবাদে ভারতের হায়দরাবাদে মেটা কার্যালয়ে হামলা চালিয়েছে তেলেঙ্গানা যুব কংগ্রেসের কর্মীরা। সংগঠনের সভাপতি জাক্কিদি শিবচরণ রেড্ডির নেতৃত্বে এই বিক্ষোভ চলাকালে কার্যালয় প্রাঙ্গণে ভাঙচুর ও ফুলের টব ছোঁড়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা মেটা এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং স্থগিত করা পোস্টগুলো অবিলম্বে পুনর্বহালের দাবি জানান। ঘটনার একটি ভিডিওতে বিক্ষোভকারীদের কার্যালয়ের করিডর ও ক্যাফেটেরিয়ার আশপাশে দৌড়াদৌড়ি করতে দেখা যায়।
ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিব এবং জাতীয় ইনচার্জ মনীশ শর্মার অ্যাকাউন্ট ও পোস্টে বিধিনিষেধ আরোপের প্রতিক্রিয়ায় এই বিক্ষোভের সূত্রপাত হয়। একই সময়ে মুম্বাইয়েও মেটা কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখায় মুম্বাই যুব কংগ্রেসের কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ক্ষমতাসীন বিজেপি ও আরএসএসের সমালোচকদের কণ্ঠরোধ করতেই সোশাল মিডিয়ায় এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মুম্বাইয়ের বিক্ষোভে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পোস্টারও পুড়িয়ে ফেলেন সংগঠনের নেতাকর্মীরা।
এই ঘটনার জেরে মেটার তীব্র সমালোচনা করে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মন্তব্য করেছেন যে বিদেশি কোম্পানিগুলোর রাজনীতি বাদ দিয়ে শুধু ব্যবসা করা উচিত। তবে যুব কংগ্রেসের এই ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং ভারত রাষ্ট্র সমিতি। বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি কংগ্রেস দলকে ‘গুন্ডাদের দল’ হিসেবে আখ্যায়িত করে বলেন যে বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালানোই তাদের আসল রূপ। বিআরএস নেতা কে টি রামা রাও এমন কর্মকাণ্ডের মাধ্যমে হায়দরাবাদের ব্যবসায়িক পরিবেশ ক্ষুণ্ণ করার অভিযোগ তোলেন।
এদিকে মেটাকে এক্সে পোস্টের মাধ্যমে এক হাত নিয়েছে ভারতীয় যুব কংগ্রেস এবং তাদের অ্যাকাউন্ট ও পোস্টগুলো ফিরিয়ে দিতে সাত দিনের একটি আলটিমেটাম দিয়েছে। দাবি না মানলে রাজপথ, আদালত এবং কার্যালয় জুড়ে আন্দোলন আরও কঠোর করার হুমকি দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনা এবং বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির দীর্ঘমেয়াদী প্রভাব প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে কেমন পড়বে, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।





































