আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের শত্রু হিসেবে পরিচিত ডনাল্ড ট্রাম্পের নীতি বাস্তবায়নের অংশীদার না হওয়ার জন্য প্রতিবেশী রাষ্ট্র ইরাককে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবের। সম্প্রতি সীমান্ত সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের প্রেক্ষাপটে বাগদাদকে এই বিষয়ে বিশেষ সজাগ থাকার আহ্বান জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোখবের স্পষ্টভাবে উল্লেখ করেন যে ইরান সবসময় সর্বশক্তি দিয়ে ইরাকি জনগণের পাশে রয়েছে। আরব নিউজের বরাতে জানা যায়, তেল চোরাচালান দমনের উদ্দেশ্যে বাগদাদ কর্তৃপক্ষ কিছু নির্দিষ্ট সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ার পরপরই এই প্রতিক্রিয়া আসে।
এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদির নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রতি প্রকাশ্যে সমর্থন জানান। ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং কুর্দি অঞ্চলের তেল সরবরাহের গতিপথ পুনর্নির্ধারণের লক্ষ্যেই এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জাইদি সম্প্রতি ইরান সীমান্তের একটি ক্রসিংসহ কুর্দিস্তান প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা সীমান্ত চৌকিগুলোর নিয়ন্ত্রণ কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে অর্পণের নির্দেশ দেন। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই ইরানি শীর্ষ কর্মকর্তার পক্ষ থেকে বাগদাদকে ট্রাম্পের নীতি বাস্তবায়নের হাতিয়ারে পরিণত না হওয়ার পরামর্শ দেওয়া হয়।
বিশ্লেষকদের মতে, স্থলসীমান্ত নিয়ন্ত্রণ ও তেল চোরাচালান নেটওয়ার্ক বন্ধের এই উদ্যোগ মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা তেহরানের জন্য বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা। যুক্তরাষ্ট্রের কঠোর বাণিজ্যিক অবরোধের মুখে ইরান সাধারণত ইরাককেই নিষেধাজ্ঞা এড়ানোর অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছে। ওয়াশিংটনের কৌশলগত অবরোধের ক্ষেত্রে ইরাকি সীমান্তগুলো এক ধরনের ফাঁক হিসেবে কাজ করায় ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপে পূর্ণ সমর্থন দিচ্ছে। ফলে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ হয়ে গেলে অর্থনৈতিক ও কৌশলগতভাবে আরও বেশি চাপের মুখে পড়বে তেহরান।
এদিকে বাগদাদ কর্র্তৃপক্ষ তাদের সব বন্দরে শুল্ক হার কমিয়ে পাঁচ শতাংশে নামিয়ে আনার একটি সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। এমন একটি সময়ে মোখবের এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন যা আঞ্চলিক রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই ভূরাজনৈতিক দ্বন্দ্ব শেষ পর্যন্ত ইরাকের মাটিতে নতুন করে সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে।




































