পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( পাবিপ্রবি) সলভার গ্রিনের উদ্যোগে শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে দুই মাসব্যাপী “আনলকিং রিসার্চ ২.০” প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় এক্সাম হল বিল্ডিংয়ে কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফিরোজ আলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তৌকীর আহমেদ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিকাশ চন্দ্র ঘোষ, সলভার গ্রিনের সভাপতি আল মুত্তাকীন শুভ সহ আরো সদস্য ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক ড. মো: আব্দুর রহিম বলেন, গবেষণা সম্পর্কে আগে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। বর্তমান সময়ে গবেষণার ক্ষেত্র বিস্তৃত হয়েছে; এখন একজন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীও মেডিকেলসহ বিভিন্ন আন্তঃবিভাগীয় বিষয়ে গবেষণা করতে পারে। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১০৮টি গবেষণা প্রকল্পে প্রায় ১৮০ জন শিক্ষার্থী কাজ করছে, যা গবেষণার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, গবেষণার জন্য ধৈর্য অত্যন্ত প্রয়োজন। অনেক শিক্ষার্থী মূলত উচ্চশিক্ষার জন্য বিদেশে স্কলারশিপ পাওয়ার লক্ষ্যেই গবেষণায় যুক্ত হয়। বিদেশে স্নাতকোত্তর সম্পন্ন করলে ক্যারিয়ারের সম্ভাবনা বাড়ে এবং তুলনামূলক কম সময়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।




















