জাতীয় ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী রাকিব হোসাইন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এই নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে এই দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
নবনিযুক্ত সহকারী প্রেস সচিব রাকিব হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শিক্ষাজীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া গত জুলাই অভ্যুত্থানের পর তিনি ‘দ্য বাংলাদেশ ডায়ালগ’ নামক একটি সংগঠনের প্রধান অপারেশন অফিসারের দায়িত্ব পালন করেন।
এর আগে ২০২২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে ওই কমিটি বিলুপ্ত করা হলে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়ান। দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা সম্পন্ন এই তরুণ এখন রাষ্ট্রপতির কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালন করবেন।
তার এই নিয়োগের মাধ্যমে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব রাষ্ট্রপতির প্রেস বিভাগে যুক্ত হলো। আশা করা হচ্ছে, তার এই সংযুক্তি রাষ্ট্রপতির দপ্তরের গণমাধ্যম সংক্রান্ত কার্যক্রমের কার্যকারিতা বাড়াতে সাহায্য করবে।



































