বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) আয়োজনে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা অগ্রগতি কর্মশালা ২০২৪-২০২৫’। ‘জলবায়ু সহনশীল এবং টেকসই উন্নয়নমুখী কৃষি রূপান্তর’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে কর্মশালাটির উদ্বোধন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মশালার বিভিন্ন দিক তুলে ধরেন বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক মুহাম্মদ জাভিদুল হক ভূঁঞা, অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান এবং সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পরেশ কুমার শর্মা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে চলমান রয়েছে আরও ৬ শত ৩৮টি গবেষণা কার্যক্রম এবং বাউরেসের তত্ত্বাবধানে প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৬ শত ২৬টি গবেষণা প্রকল্প সম্পন্ন হয়েছে। । প্রতিবছরের মতো এবারও চলমান গবেষণাগুলোর অগ্রগতি মূল্যায়ন এবং গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। গেস্ট অব অনার হিসেবে থাকবেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এফএও বাংলাদেশের প্রতিনিধি ড. জিয়াকুন সি। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
অধ্যাপক ড. হাম্মাদুর রহমান বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষকদের বিগত ৩ বছরের প্রকাশনা সংখ্যা, গুগল স্কলার ও রিসার্চগেটের এইচ-ইনডেক্সের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সেরা ২৫ জন গবেষকের নাম ঘোষণা করা হবে। এদের মধ্য থেকে সর্বোচ্চ স্কোরধারী পাঁচজন পাবেন ‘গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনিশন অ্যাওয়ার্ড-২০২৫’। পাশাপাশি অনুষদভিত্তিক সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরিতে আরও ১২ জন গবেষককে একই স্বীকৃতি দেওয়া হবে।
তিনি আরও জানান, কৃষিতে আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগ ও মাঠপর্যায়ে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের জন্য ছয়জন কৃষককে ‘প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার-২০২৫’ প্রদান করা হবে। বিশেষ করে প্রান্তিক ও তুলনামূলকভাবে কম পরিচিত কৃষকদের উৎসাহিত করতেই এ পুরস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এবার প্রথমবারের মতো গবেষণায় নেতৃত্ব, বহিঃসংস্থার গবেষণা অনুদান সংগ্রহ এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ একজন শিক্ষক-গবেষককে দেওয়া হবে ‘বাউ রিসার্চ লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৫’। একইসঙ্গে কৃষি ও গবেষণাবিষয়ক সংবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য একজন সাংবাদিককে দেওয়া হবে ‘কৃষি সাংবাদিকতা পুরস্কার-২০২৫’।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্প থেকে আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ করায় ৮৩ জন শিক্ষক-গবেষককে ৯০টি প্রকাশনার বিপরীতে মোট ৩৫ লাখ ৮০ হাজার ৩০৯ টাকা প্রণোদনা ও প্রকাশনা সহায়তা দেওয়া হবে।
তিন দিনব্যাপী এ কর্মশালায় মোট ২১টি প্যারালাল টেকনিক্যাল সেশন এবং অনুষদভিত্তিক ছয়টি পোস্টার সেশন অনুষ্ঠিত হবে। এতে প্রায় ৫৩৯টি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন করা হবে। মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি টেকনিক্যাল সেশন থেকে একজন করে মোট ২১ জন সেরা উপস্থাপককে পুরস্কৃত করা হবে। এছাড়া পোস্টার সেশন থেকে প্রতি অনুষদে তিনজন করে ৬ টি অনুষদ থেকে মোট ১৮ জনকে সেরা পোস্টার উপস্থাপক হিসেবে সম্মাননা দেওয়া হবে।
আগামী ১১ মে কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী আয়োজনে গবেষণা কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরা হবে এবং টেকসই ও ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণে কৃষি গবেষণার ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।



















