আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পূর্ব ও দক্ষিণ উপকূলীয় অঞ্চলের দিকে ভয়ংকর রূপ নিয়ে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বিশাখাপত্তনম ও বাপতলার মাঝামাঝি এলাকায় আগামী বুধবার দুপুরে এই অতি তীব্র ঝড়টি স্থলভাগে আঘাত হানতে পারে। স্থলভাগে প্রবেশের সময় এর গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য তাণ্ডবের আশঙ্কায় উড়িষ্যা ও অন্ধ্র উপকূলজুড়ে উচ্চ সতর্কতা বা হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ করে উড়িষ্যার পাঁচটি জেলায় অতিরিক্ত ভারী বৃষ্টির আশঙ্কায় রেড এলার্ট ঘোষণা করা হয়েছে। ঝুঁকি মোকাবিলায় রাজ্যটিতে ২২৫টি উদ্ধারকারী দল মোতায়েনের পাশাপাশি সব দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া আগামী ২৮ ও ২৯ অক্টোবর ওই পাঁচ জেলার সব স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিস্থিতি পর্যালোচনার পর উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াই তাদের প্রধান অগ্রাধিকার। প্রশাসনের পক্ষ থেকে একটি প্রাণহানিও যাতে না ঘটে, সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জরুরি অবস্থা সামাল দিতে সব শীর্ষ কর্মকর্তার ছুটি বাতিল করে দ্রুত নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে বয়ে যাওয়ার পর ঘূর্ণিঝড়টি ডান দিকে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হওয়ার পাশাপাশি উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া তামিলনাড়ু ও পন্ডিচেরিতে ইতিমধ্যে টানা ভারী বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং বন্দরগুলোতে সতর্কসংকেত জারি করা হয়েছে।




































