পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) মেয়েদের আবাসিক হল মাতৃভাষা হলে ইসলামিক বই উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) হলটিতে এ বই উপহার দেওয়া হয়।
শিক্ষার্থীদের মধ্যে ইসলামি জ্ঞানচর্চা ও ধর্মীয় পাঠাভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। উপহার দেওয়া বইগুলো শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান অর্জন এবং নৈতিক মূল্যবোধ বিকাশে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে নেওয়া এ উদ্যোগের মাধ্যমে আবাসিক শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়বে বলে প্রত্যাশা সংগঠনটির।
ছাত্রশিবিরের সভাপতি উল্লাস বলেন, আমরা মনে করি, একজন শিক্ষার্থীর বিকাশ শুধু শ্রেণিকক্ষের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয়; বই পড়া, চিন্তা করা এবং নতুন কিছু জানার আগ্রহও সমান গুরুত্বপূর্ণ। মাতৃভাষা হলের বোনদের জন্য আমাদের এই বই উপহার দেওয়ার উদ্যোগটি খুব ছোট, তবে এর পেছনে আমাদের আন্তরিকতা রয়েছে। আমরা চাই, ক্যাম্পাসে বই পড়ার সংস্কৃতি গড়ে উঠুক, শিক্ষার্থীরা জ্ঞান অর্জনে আগ্রহী হোক এবং নিজেদের চিন্তা ও মননকে সমৃদ্ধ করুক। আমরা বিশ্বাস করি, জ্ঞানচর্চার এই ছোট ছোট উদ্যোগই একদিন একটি সুন্দর ও আলোকিত সমাজ গড়তে ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।
































