খেলা ডেস্ক: টেস্ট ম্যাচে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনের প্রথম সেশনে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৭২ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে থামে ২৪৫ রানে। প্রথম ইনিংসের ২৭ রানের লিডসহ মোট ১৬৯ রানের ব্যবধান গড়ে স্বাগতিক দল। দিনের শুরুতে দ্রুত কিছু উইকেট হারালেও লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ।
আগের দিন ৬ উইকেটে ৭৯ রান নিয়ে খেলা শুরু করা বাংলাদেশ দলের ইনিংসে সবচেয়ে বড় প্রতিরোধ গড়েন নাঈম হাসান। দায়িত্বশীল ব্যাটিং করে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন তিনি, যেখানে তার ব্যাট থেকে আসে ৯১ বলে ৫২ রান। এছাড়া জাকের আলি ২২ এবং তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ ৮ রান করে অবদান রাখেন। লোয়ার অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় লিড দেড়শ ছাড়িয়ে দুইশ’র কাছাকাছি পৌঁছায়।
ক্যারিবিয়ান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রস্টন চেইস, যিনি ৩৬ রান খরচ করে শিকার করেন ৫টি উইকেট। এছাড়া জোমেল ওয়ারিক্যান ৬৩ রান খরচ করে নেন ৪টি উইকেট। তবে ফিল্ডারদের বেশ কয়েকটি ক্যাচ মিসের কারণে কিছুটা সুবিধা পায় বাংলাদেশি ব্যাটাররা। রস্টন চেইস ও বোলার ওয়ারিক্যান মিলে একাধিক সুযোগ হাতছাড়া করায় লিড বাড়ানোর সুযোগ পান নাঈমরা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই কোনো উইকেট না হারিয়ে মাত্র ০.২ ওভারে ৪ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ জিততে সফরকারীদের প্রয়োজন আর মাত্র ১৬৬ রান। অন্যদিকে, বোলাররা দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের দিকে টানতে মুখিয়ে আছে বাংলাদেশ। শেষ পর্যন্ত কোন দল জয় নিয়ে মাঠ ছাড়বে, তা নির্ধারিত হবে ম্যাচের বাকি অংশে।





































