রাজনীতি ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন। তার পক্ষে লন্ডনভিত্তিক আইন প্রণেতা সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওয়েলস দিল্লির বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠিয়ে এই অনুরোধ জানান। ২০২৪ সালের আগস্টে দেশ ছেড়ে যাওয়ার পর সাবেক এই প্রধানমন্ত্রীর এটিই প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগের খবর। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের ডিসেম্বরে আদালতে আত্মসমর্পণ করে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।
হাইকমিশনে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর মাধ্যমে শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল হওয়ার খবর তাদের জানা রয়েছে। বাংলাদেশি নাগরিকত্বের অধিকার এবং জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির বাধ্যবাধকতার কথা উল্লেখ করে দ্রুত নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। এছাড়া, এই আবেদন প্রক্রিয়াকরণের জন্য কী ধরনের আনুষ্ঠানিকতা ও নথিপত্র প্রয়োজন, সে বিষয়ে হাইকমিশনকে দ্রুত অবহিত করার আহ্বান জানান ওই আইনজীবী। দিল্লির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, হাইকমিশন চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে পরবর্তী করণীয় সম্পর্কে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার এই উদ্যোগকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম। সাংবাদিকদের তিনি জানান, এসব কার্যক্রম ভিত্তিহীন এবং এক ধরনের রাজনৈতিক স্ট্যান্টবাজি ছাড়া কিছু নয় এবং তিনি মনে করেন সাবেক এই প্রধানমন্ত্রী দেশে ফিরবেন না। উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। ভারত থেকেই তিনি শুরু থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে।
ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনার দলের শীর্ষ নেতাদের অনেকেই কারাগারে অথবা দেশের বাইরে আত্মগোপনে অবস্থান করছেন। তবে আওয়ামী লীগের নেতাদের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই সাবেক এই নেত্রীর দেশে ফেরার চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে। এই চিঠি পাঠানোকে দীর্ঘদিনের ক্ষমতার অবসানের পর তার দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে অন্যতম বড় ও স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।




































