জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) খেলা দেখা কেন্দ্র করে মারধরের ঘটনায় দুই শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং অপর শিক্ষার্থীকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, গত ২২-৬-২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ফুটবল বিশ্বকাপ-২০২৬-এর আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার মধ্যাকার খেলা দেখার সময় সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার অভিযোগের প্রেক্ষিতে নিম্নে উল্লিখিত শিক্ষার্থীদের তাদের নামের পাশে বর্ণিত নিম্নোক্ত শাস্তি প্রদান করা হলো।
আদেশ অনুযায়ী, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৮তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০১৮-২০১৯) শিক্ষার্থী মোঃ আসাদুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮”-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী এই বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার (অথবা ক্ষেত্রমতে যা প্রযোজ্য) করা হলো। সাময়িক বহিষ্কারকালীন হলে ও ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না।
এছাড়া দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০১৮-২০১৯) শিক্ষার্থী শাহানুর রহমানকে তদন্ত চলাকালীন নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না এবং হলে ও ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলমকে সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজাকে সদস্য সচিব করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।































