পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এক পরিপত্রে তাদের পৃথক দায়িত্বের বিষয়টি জানানো হয়।
পরিপত্র অনুযায়ী, হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিজ নিজ ক্ষেত্রে কাজ করার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করবেন।
দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দেখবেন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কসংক্রান্ত বিষয়। এর পাশাপাশি অনিবাসী বাংলাদেশিদের (এনআরবি) বিষয়ও তার দায়িত্বের আওতায় থাকবে। পররাষ্ট্রমন্ত্রী যেসব অতিরিক্ত বিষয় তার ওপর অর্পণ করবেন, সেগুলোও তিনি দেখভাল করবেন।
অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামের দায়িত্বের পরিধিতে থাকছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বিষয়গুলো। পাশাপাশি মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং সৃজনশীল অর্থনীতি নিয়ে কাজ করবেন তিনি।
এ ছাড়া স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির বিষয়গুলোও শামা ওবায়েদের দায়িত্বের মধ্যে রাখা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, দুই প্রতিমন্ত্রীর মধ্যে এ দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন রয়েছে। ফলে এখন থেকে নির্ধারিত ক্ষেত্র অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা ও তদারকিতে ভূমিকা রাখবেন তারা।






























