ধর্ম ডেস্ক: জনপ্রিয় আত্মোন্নয়নমূলক গ্রন্থ ‘দ্য পাওয়ার অব ইওর সাবকনশাস মাইন্ড’ নিয়ে একটি বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়েছে। মুসলিমম্যাটার্সে প্রকাশিত ওই নিবন্ধে লেখক সুমনা সাদাকাত ইসলামি দৃষ্টিকোণ থেকে বইটির বিভিন্ন ধারণা বিশ্লেষণ করেছেন। অমুসলিম লেখকের এই বইটি পড়ার সময় মুসলিম পাঠকদের অন্ধভাবে গ্রহণ বা সম্পূর্ণ প্রত্যাখ্যান না করার পরামর্শ দেওয়া হয়েছে। বইটির উপকারী দিকগুলো গ্রহণের পাশাপাশি ইসলামের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো নিয়ে সমালোচনামূলকভাবে চিন্তা করার আহ্বান জানানো হয়েছে।
১৯৬৩ সালে প্রকাশিত জোসেফ মারফির এই বইটি চিন্তা, বিশ্বাস, কৃতজ্ঞতা এবং মানসিক অভ্যাসের ওপর বিশেষ গুরুত্ব দেয়। এতে অবচেতন মনে বারবার বিশ্বাস গেঁথে দিয়ে মানুষের আচরণ ও পরিস্থিতি পরিবর্তনের কথা বলা হয়েছে। বইটির কিছু ধারণার সঙ্গে ইসলামের শিক্ষার মিল থাকলেও এগুলোর ধর্মতাত্ত্বিক ভিত্তি সম্পূর্ণ এক নয়। তাই পাঠকদের নিজ বিশ্বাসের সঙ্গে অসংগত ধারণাগুলো যাচাই করে নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
মারফির বইয়ে অবচেতন মনকে বাস্তবতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসেবে উপস্থাপন করা হলেও ইসলামে সর্বময় ক্ষমতা আল্লাহর। ইসলামে ইতিবাচক চিন্তা ও প্রচেষ্টা গুরুত্বপূর্ণ হলেও শুধু চিন্তার জোরে বাস্তবতা সৃষ্টির ধারণাকে সমর্থন করা হয় না। মানুষের দুঃখ-কষ্টকে ইসলামে পরীক্ষা ও তাকদিরের আলোকে দেখা হয়, যা কেবল ব্যক্তির নেতিবাচক চিন্তার ফল নয়। ফলে প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য এবং আল্লাহর ওপর ভরসা রাখার শিক্ষাই ইসলাম প্রদান করে।
বইটিতে প্রার্থনা ও ইতিবাচক কল্পনার মাধ্যমে অবচেতন মনকে প্রভাবিত করার ওপর জোর দেওয়া হলেও ইসলামে দোয়া হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক ও নির্ভরতার মাধ্যম। কৃতজ্ঞতা এবং আত্মশুদ্ধির মতো কিছু বিষয়ে বইটির সঙ্গে মিল থাকলেও ইসলামের রূপ আরও ব্যাপক। ইসলামের দৃষ্টিতে নিজের যত্ন, পারিবারিক দায়িত্ব এবং আল্লাহর সঙ্গে সম্পর্কের মধ্যে সর্বদা ভারসাম্য রক্ষা করতে হয়।
পরিশেষে, ভিন্ন ধারার সাহিত্য পাঠের ক্ষেত্রে অন্ধ সমর্থন বা বর্জনের পরিবর্তে যুক্তি দিয়ে তা বিচার করার অভ্যাস গড়ে তোলার তাগিদ দেওয়া হয়েছে। আত্মবিশ্লেষণের এই যাত্রা যেন শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং তা আল্লাহর সঙ্গে সম্পর্ক ও নৈতিক দায়িত্ববোধকে আরও গভীর করে। ইসলামের এই মূল শিক্ষাটি আত্মোন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।




































