বিনোদন ডেস্ক: সঙ্গীতশিল্পী প্রীতম হাসানের সঙ্গে দীর্ঘ দশ বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণা দেওয়ার পর এবার নতুন করে আলোচনায় এসেছেন মডেল ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি প্রকাশ করেছেন তিনি। যেখানে তাকে প্রকৃতির কাছাকাছি ও বন্য পরিবেশে বেশ হাসিমুখে সময় কাটাতে দেখা গেছে।
প্রকাশিত ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, দেশের বাইরে কোনো পর্যটনকেন্দ্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। ছবিতে তাকে বন্য প্রাণীর ছবি তুলতে এবং নিজের বিভিন্ন মুহূর্তের স্থিরচিত্র শেয়ার করতে দেখা যায়। ছবিগুলোতে কোনো দীর্ঘ ক্যাপশন না দিয়ে কেবল একটি উড়ন্ত পায়রার ইমোজি যুক্ত করেছেন তিনি।
এর আগে গত ৫ অক্টোবর রাতে সামাজিক মাধ্যমে যৌথ বিবৃতি দিয়ে সম্পর্কের বিচ্ছেদের কথা জানান প্রীতম ও শেহতাজ। দীর্ঘ পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের অক্টোবর মাসে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা জুটি। বিচ্ছেদের সময় তারা একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সম্মান বজায় রাখার কথা জানান।
বিচ্ছেদের বেদনা কাটিয়ে ওঠার এই সময়ে শেহতাজের হাসিমুখ ও ভ্রমণের দৃশ্য ভক্তদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে। তবে ছবির সঙ্গে নিজের অনুভূতি বা বিচ্ছেদ নিয়ে নতুন কোনো বার্তা দেননি এই অভিনেত্রী। ভক্তদের সঙ্গে তিনি মূলত প্রকৃতির মাঝে কাটানো সুন্দর কিছু মুহূর্তই ভাগ করে নিয়েছেন।




































