খেলা ডেস্ক: পল্টনের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে পরাজিত করে পাকিস্তান। এই জয়ে সবার আগে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে খেলা নিশ্চিত করেছে দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দিয়ে বড় জয় তুলে নেয় তারা।
ম্যাচের চতুর্থ মিনিটে সফল স্পট কিকে পাকিস্তানকে এগিয়ে নেন মিকাইল অরুন আব্দুল্লাহ। বক্সে মিকাইলকে মালদ্বীপের ডিফেন্ডার মোহাম্মদ নাঈম ফাউল করলে পেনাল্টি পায় পাকিস্তান। এরপর নবম মিনিটে জুনায়েদের পাস থেকে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন নাজিব উল্লাহ।
মাত্র ১৯ বছর বয়সী ফরোয়ার্ড নাজিব ২৪তম মিনিটে আবারও গোল করে দলের জয় নিশ্চিত করেন। মালদ্বীপের ডিফেন্ডার আমদান আলির ভুলে বল পেয়ে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন তিনি। এর আগে ভারতের বিপক্ষে ৩-২ গোলে হেরে আসর শুরু করেছিল পাকিস্তান।
গ্রুপ পর্বে এই জয়ের ফলে গোল পার্থক্যে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে পাকিস্তান দল। ভারতের বিপক্ষে আগামী বুধবারের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। অন্যদিকে, বড় ব্যবধানের জয় ছাড়া মালদ্বীপের সামনে সেমিফাইনালের পথ কঠিন।


































