প্রযুক্তি ডেস্ক: ভ্রমণের সময় প্রয়োজন কিংবা দেশের বাজারে পছন্দসই মডেল না পাওয়ায় অনেকেই বিদেশ বা আন্তর্জাতিক মার্কেটপ্লেস থেকে প্রযুক্তিপণ্য কিনে থাকেন। তবে ভিন্ন দেশ থেকে স্মার্টফোন বা ল্যাপটপের মতো ডিভাইস সংগ্রহের ক্ষেত্রে নানা ধরনের জটিলতা ও অসুবিধার মুখোমুখি হতে হয়। ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে একই পণ্যের হার্ডওয়্যারে ভিন্নতা থাকতে পারে এবং ওয়ারেন্টি সুবিধাও সীমিত হতে পারে। তাই যেকোনো প্রযুক্তিপণ্য বিদেশ থেকে কেনার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি।
একই ডিভাইসের হার্ডওয়্যার নকশা ও বৈশিষ্ট্য বিভিন্ন দেশের বাজারে ভিন্ন হতে পারে বলে প্রযুক্তি সাইট এনগ্যাজেট জানিয়েছে। উদাহরণস্বরূপ, চীনে বিক্রি হওয়া আইফোনে দুটি ফিজিক্যাল সিমের সুবিধা থাকলেও যুক্তরাষ্ট্রের মডেলে কেবল ই-সিম রাখা হয়েছে। এছাড়া সেলুলার ব্যান্ড বা নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সির পার্থক্যের কারণে অন্য দেশ থেকে কেনা ফোন স্থানীয় ফাইভজি নেটওয়ার্কে পুরোপুরি কাজ না-ও করতে পারে। ডিভাইসটি স্থানীয় নেটওয়ার্কের জন্য সার্টিফাইড না হলে ভিওএলটিই বা ওয়াই-ফাই কলিংয়ের মতো সেবাগুলোও বন্ধ থাকে।
স্মার্টফোনের পাশাপাশি অন্যান্য গ্যাজেট কেনার ক্ষেত্রেও কিবোর্ড লেআউট এবং বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। যেমন ফ্রান্সে বিক্রিত ল্যাপটপে কোয়ার্টি লেআউটের পরিবর্তে অ্যাজার্টি লেআউট ব্যবহৃত হয়ে থাকে। অন্যদিকে অঞ্চলভেদে ভোল্টেজ ও পাওয়ার প্লাগের তারতম্য থাকায় চার্জার বা অ্যাডাপ্টর ব্যবহারে সমস্যার সৃষ্টি হতে পারে। ফোন ও ল্যাপটপের চার্জার বিশ্বজুড়ে ব্যবহারোপযোগী হলেও সব প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়।
ডিভাইসের ব্র্যান্ডভেদে ওয়ারেন্টি সুবিধায় সীমাবদ্ধতা থাকে এবং অনেক নির্মাতা কেবল বিক্রয়কারী দেশেই কারিগরি সেবা দিয়ে থাকে। যেসব পণ্য স্থানীয় বাজারে আনুষ্ঠানিকভাবে আসে না, সেগুলোর যন্ত্রাংশ নষ্ট হলে মেরামত করাও বেশ কঠিন হয়ে পড়ে। এছাড়া অনলাইনে বিদেশ থেকে পণ্য অর্ডারের ক্ষেত্রে চড়া শুল্ক এবং আন্তর্জাতিক শিপিং খরচ যুক্ত হয়। সার্বিক দিক বিবেচনা করে, বিদেশ থেকে কোনো প্রযুক্তিপণ্য আমদানির সিদ্ধান্ত নেওয়ার আগে এর খরচ ও সুবিধা ভালোভাবে যাচাই করা উচিত।






































