স্বাস্থ্য ডেস্ক: সন্তানকে খুশি করতে বা কান্নাকাটি থামাাতে চকলেট, আইসক্রিম কিংবা কোমল পানীয় দেওয়ার প্রবণতা অনেক পরিবারেই দেখা যায়। জন্মদিন বা বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানেও শিশুদের সামনে নানা ধরনের মিষ্টি খাবার তুলে ধরা হয়। মাঝেমধ্যে এসব খাবার খাওয়া বড় সমস্যা না হলেও, প্রতিদিনের খাদ্যতালিকায় অতিরিক্ত চিনি যোগ হলে তা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। চিকিৎসা বিজ্ঞান বলছে, শৈশবে বেশি চিনি খাওয়ার প্রভাব কেবল ওজন বৃদ্ধি বা দাঁতের ক্ষয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। বরং এর সঙ্গে বড় বয়সে উদ্বেগ ও বিষণ্ণতার মতো মানসিক সমস্যারও গভীর সংযোগ রয়েছে।
সম্প্রতি আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী ‘জেনারেল সাইকিয়াট্রি’-তে প্রকাশিত এক গবেষণায় শৈশবের চিনি ও মানসিক স্বাস্থ্যের এই সম্পর্কের বিষয়টি উঠে এসেছে। চীনের সান ইয়াত-সেন ইউনিভার্সিটির একদল গবেষক যুক্তরাজ্যের একটি বায়োব্যাংকের তথ্য বিশ্লেষণ করে এই পর্যবেক্ষণ চালান। গবেষক দলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের চিনির রেশনিং ব্যবস্থা কাজে লাগিয়ে শৈশবে সীমিত চিনি খাওয়া এবং তুলনামূলক বেশি চিনি খাওয়া ব্যক্তিদের স্বাস্থ্যের তুলনা করেন। গবেষণার ফলাফলে দেখা গেছে, ছোটবেলায় কম চিনি গ্রহণ করলে পরবর্তী জীবনে উদ্বেগজনিত সমস্যার ঝুঁকি প্রায় ১৭ শতাংশ এবং বিষণ্ণতার ঝুঁকি প্রায় ১৪ শতাংশ কমে যায়।
বিশেষজ্ঞদের মতে, মায়ের গর্ভাবস্থা থেকে শিশুর দ্বিতীয় জন্মদিন পর্যন্ত প্রথম এক হাজার দিন মস্তিষ্কের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে অতিরিক্ত চিনি খেলে শিশুর শরীরে অতিরিক্ত ক্যালরি যোগ হয় এবং ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এছাড়া অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে ভবিষ্যতে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিও তৈরি হয়। মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়ার সঙ্গে চিনি বিক্রিয়া করে এনামেল ক্ষয় করে এবং গর্ত তৈরি করে। পুষ্টিকর খাবারের পরিবর্তে মিষ্টি খাবার খাওয়ার ফলে শিশুর শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি দেখা দেয়, যা স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, শিশুদের খাবারে যুক্ত চিনির পরিমাণ দৈনিক মোট শক্তির ১০ শতাংশের নিচে রাখা উচিত এবং দুই বছরের কম বয়সি শিশুকে কোনোভাবেই বাড়তি চিনি দেওয়া যাবে না। কোমল পানীয় বা প্যাকেটজাত জুসের বদলে শিশুকে তৃষ্ণা মেটাতে বিশুদ্ধ পানি দেওয়ার অভ্যাস করাতে হবে। প্রক্রিয়াজাত মিষ্টি খাবারের পরিবর্তে মৌসুমি ফল এবং সুষম খাবার খাদ্যতালিকায় রাখতে হবে। এছাড়া পুরস্কার হিসেবে চকলেট বা আইসক্রিম না দিয়ে গল্পের বই বা শিক্ষামূলক খেলনা দিয়ে আনন্দ দেওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা।





































