রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে জিওগ্রাফিক ইনফর্মেশন সিস্টেম (জিআইএস) ও রিমোট সেন্সিং (আরএস) বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় কলেজের অডিটোরিয়ামে এই কর্মশালা শুরু হয়।
কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের তত্ত্বাবধানে ‘অ্যাসোসিয়েশন অব জিওগ্রাফার্স’ আয়োজিত এ কর্মশালায় ৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এ. বি. এস. এ. সাদী মোহাম্মদ। এ সময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান এবং উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক কোর্স পরিচালনা করছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক জিনাত আরা। অন্যদিকে, কর্মশালার প্রথম সেশনটি পরিচালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম বেগম।
আয়োজকরা জানান, ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের প্রায়োগিক দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী জনশক্তি হিসেবে গড়ে তুলতে এই কর্মশালা সহায়ক ভূমিকা পালন করবে।
কর্মশালা পরিদর্শনকালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি মনে করি এই আয়োজনের মাধ্যমে তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে এবং এই দক্ষতা কাজে লাগিয়ে তোমরা দেশে ও বিদেশে নেতৃত্ব দিতে সক্ষম হবে।’


































