ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর পরবর্তী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। বাইরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে ভিসি না এনে ডুয়েটের নিজস্ব যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই যোগ্য উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল করে ডুয়েট শিক্ষার্থী।
শিক্ষার্থীদের মতে, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা হয়। এই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কাঠামো, চ্যালেঞ্জ এবং শিক্ষার্থীদের সমস্যাগুলো ডুয়েটের নিজস্ব শিক্ষকদের পক্ষেই সবচেয়ে ভালো বোঝা সম্ভব। শিক্ষার্থীরা জানান বাহির থেকে কোনো ভিসি নিয়োগ পেলে ভর্তি পরীক্ষা, নিয়োগ এবং রাজনৈতিকসব বিষয়েই যে দীর্ঘমেয়াদি ও বহুমাত্রিক ঝামেলা পোহাতে হবে, তা বুঝতে কারো বাকি নেই।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো
১। ডুয়েটের প্রশাসনে যদি কোনো পরিবর্তন আনা হয় অথবা রাষ্ট্র যদি কোনো পরিবর্তনের প্রয়োজন মনে করে, তবে অবশ্যই ডুয়েটে পূর্ব থেকে কর্মরত শিক্ষকদের মধ্য থেকেই নতুন প্রশাসন গঠন করতে হবে।
২। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ধারাবাহিকতা, সক্রিয়তা এবং স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে বাইরে থেকে কোনো শিক্ষককে প্রশাসনিক দায়িত্বে নিয়োগ প্রদান না করা।
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসন পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে । তাই শিক্ষার্থীরা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মহামান্য রাষ্ট্রপতি শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিটি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।
রিফাত/ডুয়েট



















