সহশিক্ষাক্রম কার্যক্রমের মাধ্যমে তেজগাঁও কলেজকে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক ‘আদর্শ মডেল’ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিতর্ক, সংস্কৃতি ও ভাষা চর্চাসহ শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে জোর দেওয়ার কথা বলেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাব (টিসিডিসি) আয়োজিত “টিসিডিসি ১ম জাতীয় বিতর্ক উৎসব-২০২৬”-এর সমাপনী ও উৎসবে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় আড়াই হাজার কলেজ রয়েছে। চাইলে প্রতিদিন একটি করে পরিদর্শন করলেও সব কলেজ ঘুরে দেখতে সাড়ে ছয় বছরের বেশি সময় লাগবে। তবুও আমরা বারবার তেজগাঁও কলেজে ফিরে আসি, কারণ এই প্রতিষ্ঠানটিকে আমরা একটি দৃষ্টান্তমূলক মডেল কলেজ হিসেবে গড়ে তুলতে চাই।”
শিক্ষকদের রাজনীতি প্রসঙ্গে তিনি আরও বলেন, “একটি আদর্শ মডেল কলেজে ডিবেটিং ক্লাব, কালচারাল ক্লাব ও ফরেন ল্যাঙ্গুয়েজ ক্লাবসহ শিক্ষার্থীদের বিকাশে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা থাকবে। পাশাপাশি থাকবে গঠনমূলক রাজনীতি। কারণ রাজনীতির বাইরে কেউ নয়। ছাত্ররা রাজনীতি করবে, তবে শিক্ষকদের রাজনীতির প্রভাব কমাতে হবে। শিক্ষকরা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে শুধুই কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার স্বার্থে ভূমিকা রাখবেন। তেজগাঁও কলেজ প্রকৃতপক্ষে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার সব যোগ্যতা রাখে।”
সকাল ৯টায় শুরু হওয়া এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. মাহ্দী আমিন।
তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, তেজগাঁও কলেজ পরিচালনা পর্ষদের দাতা সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার এবং হিতৈষী সদস্য মোঃ ফখরুল ইসলাম ভূঁইয়া রবিন।































