প্রযুক্তি ডেস্ক: নারীদের ঋতুচক্র ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক সেবা আরও উন্নত করতে জনপ্রিয় অ্যাপ ফ্লো হেলথের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। এই অংশীদারিত্বের মাধ্যমে গুগল হেলথ অ্যাপে নারীদের স্বাস্থ্যসংক্রান্ত বিস্তারিত তথ্য যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠান মিলে নতুন প্রযুক্তি পণ্য ও হার্ডওয়্যার তৈরির কাজও করবে।
প্রযুক্তি বিষয়ক সাইটের তথ্য অনুযায়ী, আগামী বছরের শুরুর দিকে এই যৌথ উদ্যোগের প্রথম সুবিধা পেতে শুরু করবেন ব্যবহারকারীরা। তখন ফ্লো হেলথের নির্দিষ্ট উপাত্ত আনুষ্ঠানিকভাবে গুগল হেলথ অ্যাপের সঙ্গে যুক্ত করা হবে। দুই কোম্পানির প্রযুক্তি ও সেন্সর ব্যবস্থার সমন্বয়ে ব্যবহারকারীরা আরও নিখুঁত স্বাস্থ্যসেবা পাবেন।
ব্যবহারকারীদের গোপনীয়তা ও ডেটা সুরক্ষার বিষয়টি অত্যন্ত কড়াভাবে বজায় রাখার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। স্পষ্ট অনুমতি ছাড়া কোনো অ্যাপ থেকে অন্য অ্যাপে তথ্য স্থানান্তরিত হবে না এবং ব্যবহারকারী চাইলে যেকোনো সময় এই অনুমতি বাতিল করতে পারবেন। এছাড়া সংগৃহীত কোনো তথ্যই বিজ্ঞাপনের কাজে ব্যবহার বা কারো কাছে বিক্রি করা হবে না।
গুগল হেলথ প্রিমিয়ামের গ্রাহকরা ফ্লো অ্যাপের তথ্যগুলো সরাসরি গুগল হেলথ কোচের সঙ্গে যুক্ত করতে পারবেন। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এই স্বাস্থ্য পরামর্শক প্রতিটি ব্যবহারকারীকে আরও ব্যক্তিগত ও নিখুঁত পরামর্শ দিতে সক্ষম হবে।
ঘুম, দৈনন্দিন কার্যক্রম ও শারীরিক ধকলের তথ্যগুলো একত্রে বিশ্লেষণ করলে ঋতুচক্রের বিভিন্ন ধাপে মানুষের সার্বিক স্বাস্থ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। এই দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় নারীদের প্রজনন স্বাস্থ্য নিয়ে অতীতে অবহেলিত থাকা ক্ষেত্রগুলোতে নতুন গবেষণামূলক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।






































