অর্থনীতি ডেস্ক: গ্রিন পোর্ট ইনিশিয়েটিভের আওতায় রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়। সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে গ্রিনার গার্মেন্টস ইনিশিয়েটিভ লিমিটেড (জিজিআই) এই প্রকল্প বাস্তবায়ন করবে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ওপিইএক্স মডেলে নির্মিত হতে যাওয়া এই প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা হবে ৮ দশমিক ৪২ মেগাওয়াট।
অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান এবং জিজিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম চুক্তিতে স্বাক্ষর করেন। বন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রকল্পে শুরুতেই কোনো ধরনের মূলধনী বিনিয়োগ বা অর্থায়নের প্রয়োজন হচ্ছে না। চুক্তির শর্ত অনুযায়ী জিজিআই নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদন করে তা বন্দর কর্তৃপক্ষের কাছে সরবরাহ করবে। বাণিজ্যিক উৎপাদনের তারিখ থেকে পরবর্তী বিশ বছর ধরে এই পরিবেশবান্ধব প্ল্যান্ট থেকে নিরবচ্ছিন্ন সৌর বিদ্যুৎ পাবে বন্দর।
প্রকল্পটির সার্বিক নকশা তৈরি, প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়, নির্মাণ কাজ, পরীক্ষা-নিরীক্ষা এবং পরবর্তীতে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে বিদ্যুৎ বিক্রেতা প্রতিষ্ঠান জিজিআই। আর বন্দর কর্তৃপক্ষ নির্দিষ্ট চুক্তি অনুযায়ী নির্ধারিত মূল্যে উৎপাদিত এই বিদ্যুৎ কিনে নেবে। এর মাধ্যমে বন্দর তাদের দৈনিক প্রয়োজনীয় বিদ্যুৎ চাহিদা মেটানোর একটি বিকল্প ও টেকসই উৎস পাবে।
পরিবেশবান্ধব এই উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর থেকে চাপ কমাতে সহায়তা করবে। এছাড়া জাতিসংঘের এসডিজি গোল এবং প্যারিস চুক্তি অনুযায়ী কার্বন ক্রেডিট অর্জনের ক্ষেত্রেও এই চুক্তি বিশেষ ভূমিকা রাখবে। বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, এই সৌর বিদ্যুৎ ব্যবহারের ফলে আগামী বিশ বছরে বন্দরের বিদ্যুৎ বিল বাবদ প্রায় একশ কোটি টাকা সাশ্রয় হওয়া সম্ভব।





































