জাতীয় ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশিরুল্লাহর নেতৃত্বে আলেম ও ইসলামী ব্যক্তিবর্গের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছে। সম্প্রতি বঙ্গভবনে অনুষ্ঠিত এই বৈঠকে হেফাজতের যুগ্ম মহাসচিব হারুন ইজহার ও মীর ইদরীস নদভিসহ বেশ কয়েকজন বিশিষ্ট আলেম উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির দপ্তর থেকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৈঠকের শুরুতে বিগত ফ্যাসিবাদী শাসনামলে আলেম-ওলামাদের ওপর চালানো নির্যাতন ও কারাবাসের দুঃসহ স্মৃতিচারণ করেন রাষ্ট্রপতি। তিনি উল্লেখ করেন যে স্বৈরাচারের পতনের পর দেশ গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা দেশের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে।
এ সময় রাষ্ট্রপতি আরও সতর্ক করেন যেন দেশে আর কখনো ফ্যাসিবাদী দুঃশাসন ফিরে আসতে না পারে এবং কেউ ধর্মের নামে বিভ্রান্তি ছড়াতে না পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইসলামী পণ্ডিতদের অত্যন্ত শ্রদ্ধা করতেন বলে তিনি স্মরণ করেন। ইসলামি মূল্যবোধ ও শরীআহ বিরোধী কোনো কাজ যেন না হয়, সেদিকে তিনি নিজে সবসময় নজর রাখবেন বলে জানান।
আলোচনার একপর্যায়ে প্রতিনিধিদলটি চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা এবং ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় যাওয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি তাদের এই আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়ে সুবিধাজনক সময়ে ওই মাদ্রাসাসমূহ পরিদর্শন এবং হেফাজতের আমিরের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। এই সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন ও প্রেস সচিব সারওয়ার আলম উপস্থিত ছিলেন।




































