রাজনীতি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাজশাহী সফর উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবার এই মাঠে বিশাল জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পুরো রাজশাহীর সাধারণ মানুষ।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানান, অল্প সময়ে প্রস্তুতি সম্পন্ন হলেও রাজশাহীর মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও আবেগ কাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমানের এই সফর বিশেষ তাৎপর্য বহন করে। দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর তার এই আগমন উত্তরাঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
এই সফরে রাজশাহীর দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও প্রত্যাশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার পরিকল্পনা রয়েছে স্থানীয় নেতৃবৃন্দের। দাবির মধ্যে রয়েছে অঞ্চলে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং কৃষিভিত্তিক ইপিজেড স্থাপন। এছাড়া রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত শেষ করা এবং নগরীকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা নগরী ঘোষণার দাবিও জানানো হবে।
সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন জানিয়েছেন, বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য ও দলের শীর্ষ নেতারা মাদ্রাসা মাঠের প্রস্তুতি সরেজমিন পরিদর্শন করেছেন। সংশ্লিষ্টদের বিশ্বাস, এই সফরে উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের স্বার্থ নিয়ে বিশেষ কোনো বার্তা দেবেন প্রধানমন্ত্রী।






































