ফিচার ডেস্ক: প্রায় চার হাজার দ্বীপবেষ্টিত ভিয়েতনাম তার সবুজ পাহাড়, সুউচ্চ পর্বতমালা ও মনোরম সমুদ্রসৈকতের জন্য এশিয়ার অন্যতম সুন্দর দেশ হিসেবে পরিচিত। চীনের প্রতিবেশী এই জনবহুল দেশটির উত্তরে চীন, পশ্চিমে লাওস ও কম্বোডিয়া এবং দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর অবস্থিত। ভৌগোলিকভাবে সরু ও দীর্ঘ এই দেশটির আকৃতি ইংরেজি এস অক্ষরের মতো এবং এর রাজধানী হ্যানয় ও বৃহত্তম শহর হো চি মিন সিটি। দেশটির বৈচিত্র্যময় ভূমিরূপের মধ্যে উত্তর ও মধ্যভাগ পাহাড়-পর্বতময় এবং দক্ষিণ অংশ উর্বর মেকং নদীর অববাহিকায় অবস্থিত।
ভিয়েতনামের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি অংশ ভিয়েত বা ভিয়েতনামীয় জনগোষ্ঠী হলেও সেখানে ৫৩টি ভিন্ন জাতিগত ও ভাষাগত গোষ্ঠী বসবাস করে। ঐতিহ্যগতভাবে কৃষিভিত্তিক সমাজ হলেও দেশটি বর্তমানে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্পজাত পণ্য রপ্তানিতে দেশটি বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। উষ্ণ ও আর্দ্র জলবায়ুর এই দেশটিতে প্রচুর বৃষ্টিপাত হয় এবং মেকং অববাহিকা ও মধ্য অঞ্চলে বর্ষাকালের দীর্ঘ প্রভাব রয়েছে।
ভিয়েতনামের সংস্কৃতি ও জীবনযাত্রায় তাদের ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাস ও সামাজিক রীতিনীতির বিশেষ প্রতিফলন দেখা যায়। ভাত দেশটির মানুষের প্রধান খাদ্য এবং এর সঙ্গে নুওক মাম নামক গাঁজানো মাছের সস বেশ জনপ্রিয়। খাবার খাওয়ার সময় তারা স্যুপের জন্য চামচ এবং অন্যান্য খাবারের জন্য চপস্টিক ব্যবহার করে থাকে। এছাড়া পানীয় হিসেবে চা, কফি ও বিয়ারের ব্যাপক প্রচলন রয়েছে।
সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ভিয়েতনামীয়রা সাক্ষাত ও বিদায়ের সময় করমর্দন করে থাকেন এবং সম্মান প্রদর্শনের জন্য মাথা সামান্য ঝুঁকিয়ে থাকেন। গ্রামীণ অঞ্চলে বয়স্কদের প্রতি শ্রদ্ধা জানাতে মাথা ঝোঁকানোর প্রথা বিশেষভাবে প্রচলিত। প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির এই অনন্য সমন্বয় ভিয়েতনামকে ভ্রমণকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে।





































