ধর্ম ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন ও প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। হাজিদের জন্য উন্নত সেবা নিশ্চিত করা, হজের ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্য নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে। মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ এই সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ উপস্থিত ছিলেন।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আন্তর্জাতিক এই সম্মেলনে বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ ও বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ অনেকেই উপস্থিত রয়েছেন।
সম্মেলনের পাশাপাশি আয়োজিত প্রদর্শনীতে হজ ব্যবস্থাপনার বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও সেবাব্যবস্থা তুলে ধরা হয়েছে। এই প্রদর্শনীতে আন্তর্জাতিক ও স্থানীয় মিলিয়ে তিনশ পঁচিশটির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রদর্শন করা প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ ও স্মার্ট সমাধান হজযাত্রীদের সেবার মান বাড়াতে সাহায্য করবে।
এদিকে এই সম্মেলনের অংশ হিসেবে ২০২৭ সালের হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ এই চুক্তিতে স্বাক্ষর করবেন। এই চুক্তির মাধ্যমে আগামী বছরের হজ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা এবং দুই দেশের সংশ্লিষ্ট কার্যক্রমের আনুষ্ঠানিক সমঝোতা সম্পন্ন হবে।






































