স্বাস্থ্য ডেস্ক: ত্বকে লালচেভাব, তীব্র চুলকানি, ফোলা বা পুঁজযুক্ত ফুসকুড়ি দেখা দেওয়া সাধারণত বিপজ্জনক জীবাণুর সংক্রমণের লক্ষণ হিসেবে বিবেচিত হয়। চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, মূলত ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এবং পরজীবী—এই চার ধরনের ক্ষতিকর জীবাণুর কারণে মানবদেহে ত্বকের নানা রোগ হয়ে থাকে। বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল বা অটোইমিউন সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এসব সংক্রমণ অত্যন্ত ছোঁয়াচে ও মারাত্মক আকার ধারণ করতে পারে। স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথ-এ প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সুসান বার্ড এসব তথ্য তুলে ধরেছেন।
জীবাণুর প্রকৃতির ওপর ভিত্তি করে ত্বকের সংক্রমণের ধরন ও উপসর্গগুলো ভিন্ন হয়ে থাকে। ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে ত্বক লাল হয়ে ফুলে যাওয়া, ব্যথা এবং পুঁজযুক্ত ফোঁড়া বা শক্ত আবরণ সৃষ্টি হয়। অন্যদিকে হার্পিস, আঁচিল ও জলবসন্তের মতো ভাইরাসজনিত সংক্রমণে ব্যথাযুক্ত ফোসকা বা গুটি দেখা দেয়। এছাড়া ছত্রাকের সংক্রমণে তীব্র চুলকানি ও ত্বক খসখসে হয়ে যাওয়া এবং পরজীবীর কারণে অসহ্য চুলকানি ও র্যাশ দেখা দিতে পারে।
শরীরের স্যাঁতসেঁতে ও আর্দ্র স্থানগুলোতে জীবাণু খুব দ্রুত বংশবৃদ্ধি করে থাকে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা, দূষিত পানিতে সাঁতার কাটা বা ত্বকের কাটাছেঁড়ার মাধ্যমে এই জীবাণুগুলো খুব সহজে মানবদেহে প্রবেশ করতে পারে। ডায়াবেটিস, স্থূলতা, একজিমা এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারীদের ক্ষেত্রে এই ধরনের সংক্রমণের ঝুঁকি অনেক বেশি থাকে। চিকিৎসকেরা শারীরিক পরীক্ষার পাশাপাশি রক্ত পরীক্ষা ও স্কিন কালচারের মাধ্যমে রোগের সঠিক কারণ নির্ণয় করে থাকেন।
ত্বকের সংক্রমণ অবহেলা করলে রক্তপ্রবাহে ছড়িয়ে সেপসিস, ব্যাকটেরেমিয়া, হৃদযন্ত্রে প্রদাহ এবং গ্যাংগ্রিনের মতো মারাত্মক ও প্রাণঘাতী জটিলতা সৃষ্টি হতে পারে। এই ঝুঁকি এড়াতে অন্যের ব্যবহৃত তোয়ালে, রেজর বা ব্যক্তিগত প্রসাধনী ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এছাড়া কাটাছেঁড়া স্থান ঢেকে রাখা, পাবলিক স্থানে জুতা ব্যবহার এবং নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে খুব সহজেই ত্বকের এসব সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।





































