প্রযুক্তি ডেস্ক: সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশে নতুন এক গ্রহের সন্ধান পেয়েছেন, যা মহাকাশের ইতিহাসে প্রথম উধাও হয়ে যাওয়া বা গায়েব হওয়া গ্রহ হিসেবে চিহ্নিত হয়েছে। দূরবর্তী টিওআই-২৫৩৫ বি নামের এই গ্রহটি হট জুপিটার বা উত্তপ্ত বৃহস্পতির মতো একটি বড় গ্রহ, যেখানে একটি বছর সম্পন্ন হতে সময় লাগে মাত্র সোয়া আট দিন। দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে চলতি বছরে গ্রহটি পুরোপুরি নজরের বাইরে চলে গেছে। তবে গবেষকদের মতে গ্রহটি ধ্বংস হয়ে যায়নি, বরং এর প্রতিবেশী আরেকটি গ্রহের তীব্র মহাকর্ষ বলের প্রভাবে কক্ষপথ বেঁকে যাওয়ায় পৃথিবী থেকে তা আর দেখা যাচ্ছে না।
নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট বা টিইএসএস-এর মাধ্যমে ২০১৯ সালে প্রথম এই গ্রহটি আবিষ্কৃত হয়েছিল এবং তখন থেকেই এটি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পরবর্তী সাত বছর ধরে পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে গ্রহটি তার তারাকে নির্দিষ্ট নিয়মে অতিক্রম করছে না, বরং সময়ের আগে বা পরে তা অতিক্রম করছে। পাশাপাশি অতিক্রমের সময়কালও ক্রমশ ছোট ও অস্পষ্ট হয়ে আসছিল, যা চলতি বছরের শুরুতে পুরোপুরি বন্ধ হয়ে যায়। একটি অদৃশ্য গ্রহের মহাকর্ষীয় টান এবং এর নিজস্ব হেলানো কক্ষপথের কারণেই মূলত এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এই দুই গ্রহের টানাটানির ফলে এদের কক্ষপথ লাটিমের মতো দুলতে শুরু করে এবং কক্ষপথের বিচ্যুতির কারণেই গ্রহটি বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গির বাইরে চলে যায়। গবেষণাপত্রটির অন্যতম লেখক স্যামুয়েল ই বলেন যে বিশ্বব্রহ্মাণ্ডকে আমরা নিখুঁত ঘড়ির কাঁটার মতো ভাবলেও আসলে সবকিছু সুনির্দিষ্ট নিয়মে চলে না। কোনো সৌরজগতে একাধিক গ্রহ থাকলে তারা একে অপরের কক্ষপথের ওপর প্রভাব ফেলতে পারে এবং এটিই এখন পর্যন্ত তাদের দেখা সবচেয়ে ব্যতিক্রমী উদাহরণ। গ্রহটির কক্ষপথ এত দ্রুত হেলে পড়ছে যে সরাসরি পর্যবেক্ষণের মাঝেই এটি সবার অগোচরে চলে গেছে।
তবে জ্যোতির্বিজ্ঞানীদের আশা, উধাও হয়ে যাওয়া এই গ্রহটি আগামী ৩০ থেকে ৫০ বছরের মধ্যে আবারও পৃথিবীর বিজ্ঞানীদের নজরে আসবে। আর যে অদৃশ্য গ্রহটির মহাকর্ষীয় টানে এটি ঢাকা পড়েছে, তা হয়তো আরও আগেই দৃশ্যমান হতে পারে। যে প্রক্রিয়ার কারণে এই গ্রহটি আড়ালে চলে গেছে, ঠিক একই কারণে পৃথিবীতে গ্রহণ এতটা বিরল একটি ঘটনা হিসেবে গণ্য হয়। চাঁদের কক্ষপথ যদি পৃথিবীর সঙ্গে হুবহু এক সমতলে থাকত, তবে প্রতি মাসেই অন্তত একবার গ্রহণ দেখতে পাওয়া যেত।






































