আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সংক্রান্ত শান্তি আলোচনার পরবর্তী পর্যায়ে ইউরোপীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনে অনুষ্ঠিত একটি বৈঠকের পর মার্কিন দূত স্টিভ উইটকফ এই তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আলোচনার টেবিলে ইউরোপীয়দের এই স্থান পাওয়াকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে যুদ্ধ সমাপ্তির উপায় নিয়ে মস্কো ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে তীব্র মতপার্থক্য রয়েছে।
মার্কিন দূত উইটকফ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান যে পরবর্তী বৈঠকে ইউরোপীয় অংশীদারদের যোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরপরই উইটকফ ও আরেক মার্কিন দূত জ্যারেড কুশনার ডাবলিনে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। জেলেনস্কি এই আলোচনায় ইউরোপীয়দের অংশগ্রহণের সম্ভাবনায় সন্তোষ প্রকাশ করেন। তবে মার্কিন স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার কিছু বিধিনিষেধ এবং যুক্তরাষ্ট্রের আলোচনার ধরন নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
ক্রেমলিনের বৈঠকে কুশলার উল্লেখ করেন যে, ইউরোপীয়দের যুক্ত করলে শান্তি আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত হবে না। জবাবে পুতিন জানান যে মস্কো কখনো সংলাপ বন্ধ করেনি, বরং ইউরোপীয় ইউনিয়নই তা ছিন্ন করেছিল। তবে শান্তি চুক্তির পর ইউক্রেইনে পশ্চিমা সেনা পাঠানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে তা নতুন করে যুদ্ধ শুরু করতে পারে বলে সতর্ক করেন তিনি। এদিকে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ ইউরোপীয়দের যোগ দেওয়ার বিষয়টি নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন।
চলতি সপ্তাহে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই ত্রিপক্ষীয় আলোচনায় কিছু অগ্রগতি হলেও ইউক্রেনের ভূখণ্ডের দখল ও দোনবাস অঞ্চল নিয়ে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। পুতিন পূর্ব ইউক্রেইনের কস্তিয়ানতিনিভকায় একটি যৌথ মানবিক মিশনের প্রস্তাব দিলেও কিইভ আশঙ্কা করছে যে যুদ্ধবিরতির সুযোগে মস্কো সামরিক শক্তি পুনর্গঠন করবে। পুতিন তার বাফার জোন তৈরির দাবি এবং দখলকৃত অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য থেকে সরে আসেননি।





































