অপরাধ ডেস্ক: রাজারবাগ পুলিশ লাইন্স এলাকায় ককটেল বিস্ফোরণের একটি মামলায় মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রানা আমির ওসমানকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১১ নভেম্বর রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত ৫ নভেম্বর রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর এলপি গেটের সেন্ট্রি পোস্ট লক্ষ্য করে অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিল। রাজারবাগের ২ নম্বর গেট থেকে মগবাজারগামী ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করে তারা পালিয়ে যায়। এই ঘটনার পরদিন পল্টন মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন এসআই আব্দুল মমিন। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাগুরা জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক রানাকে গ্রেপ্তার করা হয়।
আদালতে শুনানির দিন ডিবির মতিঝিল জোনাল টিমের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মোফাজ্জল হোসেন আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে তার জামিন প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির পর আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
আদালত থেকে নেওয়ার পথে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরেন রানার এক মেয়ে। এ সময় হাতকড়া পরা বাবার গালে চুমু দেয় মেয়েটি এবং বাবাও তার কপালে চুমু দিয়ে আদর করেন। সেখানে উপস্থিত তার অন্য স্বজনদের সরিয়ে দিয়ে পুলিশ সদস্যরা আসামিকে দ্রুত হাজতখানায় নিয়ে যান। মামলার পরবর্তী তদন্ত ও জিজ্ঞাসাবাদে এই বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিষয়ে তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।





































