প্রযুক্তি ডেস্ক: আধুনিক ইলেকট্রনিক ডিভাইসগুলো কোনো ত্রুটি দেখা দিলে তা সাধারণত ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। অনেক সময় ফোনে ‘নো সিম কার্ড ইনস্টলড’ বা ‘নো সার্ভিস’-এর মতো নোটিফিকেশন দেখা যায়, যা ব্যবহারকারীদের দুশ্চিন্তায় ফেলে। সিম কার্ডের কাজ ও এর ত্রুটির কারণ সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় এই সমস্যা সমাধানে অনেকেই বিভ্রান্ত হন।
সিম-এর পূর্ণরূপ হলো ‘সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল’, যা ব্যবহারকারী এবং মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে নিরাপদ সংযোগ স্থাপন করে। এই সংযোগের মাধ্যমেই মূলত গ্রাহকেরা কল করা বা বার্তা পাঠানোর সুবিধা পেয়ে থাকেন। তবে সিম কার্ড ফোনে সঠিকভাবে না বসলে কিংবা মোবাইল অপারেটরের নিজস্ব নেটওয়ার্কে কোনো বিভ্রাট ঘটলে এই সমস্যা দেখা দিতে পারে।
হাতে থেকে ফোন পড়ে গেলে বা সার্ভিসিংয়ের পর সিম কার্ড ঠিকমতো স্লটে না বসলে তা খুলে আবার পুনর্স্থাপন করতে হবে। এছাড়া ই-সিম ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক ভ্রমণের সময় ডেটা রোমিং চালু করাসহ নির্দিষ্ট কিছু সেটিংস পরিবর্তন করলে সমাধান পাওয়া সম্ভব। অনেক সময় সফটওয়্যারজনিত ত্রুটির কারণে এয়ারপ্লেন মোড অন-অফ করা কিংবা নেটওয়ার্ক রিসেট করার প্রয়োজন হতে পারে।
মোবাইল অ্যাকাউন্টে বিল বকেয়া থাকলে বা সেবা স্থগিত থাকলে সিম অপারেটরের নেটওয়ার্কে যুক্ত হয় না। আবার দুর্বল নেটওয়ার্কের এলাকায় অবস্থান করলেও সিগন্যাল পেতে সমস্যা হতে পারে। তাই আশপাশে ভালো সংযোগ রয়েছে এমন স্থানে গিয়ে বা অ্যাকাউন্ট পরীক্ষা করে এই সাধারণ সমস্যার সমাধান করা সম্ভব।





































