রাজধানীর ফুটপাত থেকে নির্মাণসামগ্রীসহ অন্যান্য মালামাল দ্রুত অপসারণের আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নাহলে অভিযান চালিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সরকারি/বেসরকারি ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক নির্মাণ কাজে ব্যবহৃত বিবিধ নির্মাণ সামগ্রী ও অন্যান্য মালামাল যত্রতত্র ভাবে রাস্তা/ফুটপাতে রাখছেন। এর ফলে একদিকে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে, অপরদিকে পথচারীগণের চলাচলের অসুবিধা হচ্ছে। এটি ডিএমপি অধ্যাদেশ ১৯৭৬ এর ৬৭/৬৮/১২/১০২ ধারা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৩৭/৮২ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শীঘ্রই ঢাকা মহানগরীতে উক্ত কার্যক্রমের বিরুদ্ধে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ডিএমপি ট্রাফিক বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হবে। সম্মানিত নগরবাসীকে উল্লিখিত আইনের যথাযথভাবে প্রতিপালনপূর্বক রাস্তা/ফুটপাতে নির্মাণ সামগ্রীসহ অন্যান্য মালামাল দ্রুত অপসারণের জন্য অনুরোধ করা হলো।
সুশৃঙ্খল মহানগরী গড়তে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।



















