রাজধানী ডেস্ক: রাজধানীর বিভিন্ন বাজারে শীতকালীন আগাম সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু পণ্যের দাম কিছুটা কমেছে। শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলার মতো শীতের সবজি আগের তুলনায় সাশ্রয়ী মূল্যে কিনতে পারছেন সাধারণ ক্রেতারা। তবে বাজারে এখনো টমেটো, কাঁচামরিচ, গাজর ও গোল বেগুনের দাম বেশ চড়া রয়েছে। অন্যদিকে মাছ ও মাংসের বাজারে কোনো পরিবর্তন না আসায় পূর্বের উচ্চমূল্যেই এসব পণ্য বিক্রি হচ্ছে। গত ৬ নভেম্বর মোহাম্মদপুর ও উত্তরা এলাকার বাজার ঘুরে এই পরিস্থিতি দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায় এবং মুলা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা দরে। আকারভেদে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপির দাম রাখা হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। তবে প্রতি কেজি টমেটো ১০০ টাকা, কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকা এবং গাজর ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আলু ২৫ থেকে ৩০ টাকা এবং পেঁপে প্রতি কেজি ২০ টাকা দরে পাওয়া যাচ্ছে।
বিক্রেতারা জানিয়েছেন, বাজারে ধীরে ধীরে শীতের সবজির সরবরাহ আরও বাড়ায় দাম কিছুটা কমেছে। সম্পূর্ণ শীতকালীন সবজি বাজারে চলে আসলে সামনের দিনগুলোতে দাম আরও কমবে বলে তারা আশা প্রকাশ করেন। তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি মিললেও মাছ ও মাংসের বাজারে স্বস্তির কোনো খবর নেই। আগের সপ্তাহের চড়া দামেই অধিকাংশ মাছ ও মাংস বিক্রি করতে দেখা গেছে।
মাছ বাজারে রুই মাছ ২৮০ থেকে ৩৮০ টাকা এবং কাতলা ৩৫০ থেকে ৩৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া সাধারণ আকারের ইলিশ ৮০০ থেকে শুরু করে মানভেদে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মাংসের বাজারে ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। টিসিবির সাম্প্রতিক প্রতিবেদনেও নিত্যপণ্যের বাজারে এমন মিশ্র চিত্র উঠে এসেছে।





































