রাজধানীর ফার্মগেট এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ ও শৃঙ্খলামূলক অভিযান পরিচালনা করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ফার্মগেট এলাকায় পরিচালিত এ অভিযানে ফুটপাত দখল ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিভিন্ন অব্যবস্থাপনা দূর করার উদ্যোগ নেওয়া হয়।
তেজগাঁও কলেজের শিক্ষার্থীসহ প্রতিদিন এ এলাকার ওপর দিয়ে চলাচলকারী সাধারণ মানুষের দুর্ভোগ কমানোই ছিল অভিযানের মূল লক্ষ্য।
তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে ফার্মগেট এলাকায় যানজট ও ফুটপাতের অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থী, পথচারী ও স্থানীয়দের ভোগান্তিতে পড়তে হচ্ছে। জনসাধারণের চলাচলের পথ স্বাভাবিক রাখতে তারা এ উদ্যোগ নিয়েছেন।
তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব এবং ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের অধিকার আদায় ও জনস্বার্থে এ ধরনের ইতিবাচক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
































