রাজধানী ডেস্ক: রাজধানীর একটি হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শেফস ডে উদযাপন করেছে শেফস ফেডারেশন অব বাংলাদেশ। রন্ধনশিল্পের সঙ্গে যুক্ত ছয়শতের বেশি পেশাদার শেফ এই বিশেষ আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় এবং তাদের ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রীম মিল্ক পাউডার ব্রান্ডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
পেশাদার রন্ধনশিল্পীদের কাজের যথাযথ স্বীকৃতি প্রদান এবং সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলতে তাদের অবদান তুলে ধরাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রন্ধনশিল্পের বিকাশ ও জনসচেতনতা বৃদ্ধিতে শেফদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বাউথাইনা এল কেরদৌদি এল কৌলালি প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন যে, স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার ক্ষেত্রে শেফদের দায়িত্ব অনেক। পুষ্টিকর উপাদান দিয়ে সুস্বাদু খাবার তৈরি এবং খাদ্যাভ্যাস নিয়ে সচেতনতা বাড়াতে তারা মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছেন।
শেফস ফেডারেশনের সভাপতি শেফ জহির খান বলেন যে, শেফরা কেবল খাবার প্রস্তুত করেন না, বরং মানুষের রুচি ও খাদ্যাভ্যাস তৈরিতেও বড় ভূমিকা পালন করে থাকেন। মানসম্মত উপাদান বাছাই ও নতুন রেসিপি নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান যে, এই দিবসটি পেশাজীবীদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করেছে।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা শাকাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক বোরহান খানসহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এই রন্ধনশিল্পীদের মিলনমেলায় অংশ নেন।






































