লাইফস্টাইল ডেস্ক: সুন্দর, ঘন এবং স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার ইচ্ছা প্রায় সব মানুষেরই থাকে। বয়সের বৃদ্ধি, বিভিন্ন শারীরিক জটিলতা কিংবা অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ফলে অনেকেরই চুল পাতলা হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, সঠিক যত্ন এবং সুষম খাদ্যাভ্যাস অনুসরণ করলে পাতলা চুলকে পুনরায় প্রাণবন্ত করা সম্ভব।
চুল ঘন করার ক্ষেত্রে মাথার ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞরা। ডা. মিনা সিংয়ের মতে, চুলের গোড়ার আকারের ওপর নির্ভর করে চুল ঘন বা পাতলা হবে। শরীরের প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি হলে সবার আগে চুলে তার প্রভাব পড়ে। তাই খাদ্যতালিকায় আয়রন, জিঙ্ক ও প্রয়োজনীয় ভিটামিনযুক্ত খাবার রাখা আবশ্যক।
বিশেষজ্ঞরা চুল পরিষ্কারের জন্য সপ্তাহে অন্তত তিনবার মৃদু ও সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহারের পরামর্শ দিয়েছেন। অতিরিক্ত তাপ ছড়ায় এমন হেয়ার স্টাইলিং টুলস ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। এছাড়া মাথার ত্বকে নিয়মিত ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা চুলের পুরুত্ব বাড়াতে সাহায্য করে।
চুলের রুক্ষতা কমাতে এবং আর্দ্রতা বজায় রাখতে শ্যাম্পু করার আগে তেল ব্যবহার করা বেশ কার্যকর। মানসিক চাপ চুল পড়ার অন্যতম একটি বড় কারণ হতে পারে। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং দুশ্চিন্তা নিয়ন্ত্রণের মাধ্যমে চুলের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব।





































