লাইফস্টাইল ডেস্ক: শীতের পুরো আমেজ শুরু হওয়ার আগেই অনেকের হাতের আঙুলের ডগা ও নখের চারপাশের ত্বক শুষ্ক হয়ে চামড়া উঠতে শুরু করে। অতিরিক্ত চামড়া ওঠার কারণে অনেক সময় ত্বক থেকে রক্তও বের হয় এবং এই সমস্যা সহজে সারতে চায় না। মূলত বারবার হাত ধোয়া, কঠোর রাসায়নিক ব্যবহার বা পুষ্টির অভাবের কারণে এই ধরনের চর্মরোগ দেখা দিতে পারে। তাই সঠিক কারণ চিহ্নিত করে সময়মতো যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।
বারবার হাত ধোয়ার ফলে ত্বকের প্রাকৃতিক তেলের স্তর নষ্ট হয়ে শুষ্কতা বহুগুণ বেড়ে যায়। এই সমস্যা এড়াতে হাত ধোয়ার পর সবসময় ময়শ্চারাইজার বা হ্যান্ড ক্রিম ব্যবহার করা উচিত। পাশাপাশি হাত পরিষ্কার করার জন্য কম ক্ষারযুক্ত সাবান এবং ঠান্ডা কিংবা হালকা গরম পানি ব্যবহার করা ভালো। স্যানিটাইজার, ডিওডোরেন্ট বা অ্যান্টিব্যাকটেরিয়াল মলমে থাকা কঠোর রাসায়নিক ত্বকে জ্বালা ও চুলকানি সৃষ্টি করতে পারে।
শরীরে ভিটামিন বি৩ বা নিয়াসিনের ঘাটতি হলে ত্বকের উপরিস্তর ক্ষতিগ্রস্ত হতে পারে এবং চামড়া ওঠার সমস্যা দেখা দিতে পারে। নিয়াসিনের চাহিদা পূরণে খাদ্যতালিকায় ডিম, চিনাবাদাম, মাংস, মাছ এবং ডালজাতীয় খাবার রাখা যেতে পারে। এছাড়া একজিমা বা সোরিয়াসিসের মতো চর্মরোগের কারণেও ত্বক খসখসে হয়ে লালচে দাগ পড়তে পারে। কোনো ধরনের অস্বস্তি বা চুলকানি অনুভব করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সাধারণ এই সমস্যা দূর করতে ঘরোয়া উপায়ে মধু বা দুধ ব্যবহার বেশ ফলদায়ক হতে পারে। আক্রান্ত স্থানে মধু লাগিয়ে রাখলে প্রাকৃতিক ইমোলিয়েন্ট হিসেবে তা দারুণ কাজ করে। এছাড়া অ্যালোভেরা জেল ও পেট্রোলিয়াম জেলি একসঙ্গে মিশিয়ে নিয়মিত রাতে ব্যবহার করলে হাতের ত্বকের সৌন্দর্য ও আর্দ্রতা উভয়ই বজায় থাকে।






































