বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও ‘হোম কিচেন ডেইরি রেসিপি’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেইরি বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এবং ডেইরি রেসিপি প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আশপাশের এলাকার গৃহিণীরা অংশ নেন।
গত মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের করিডোরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘দুগ্ধ শিল্পে নারী খামারিদের অবদান’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত এই প্রতিযোগিতায় বাকৃবি চত্বরে অবস্থিত বিভিন্ন স্কুলের ৪৫ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। তাদের রঙতুলির আঁচড়ে গ্রামীণ জীবন, সবুজ প্রকৃতি ও পুষ্টির প্রতিফলন ফুটে ওঠে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সকল শিশুকে সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেইরি বিজ্ঞান বিভাগের বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রায়হান হাবিব, উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. মাসুম, ডেইরি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলাম এবং বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক মুহাম্মদ জাভিদুল হক ভূঞাঁ। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা এসময় উপস্থিত ছিলেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ইশরাত বিনতে রাজি তার অনুভূতি ব্যক্ত করে বলে, “আমি বিশ্ব দুগ্ধ দিবসে নারী শক্তি ও নারীদের খামার পরিচালনার ওপর ছবি এঁকেছি। যেখানে আছে গ্রামীণ নারীদের নিজেদের খামারে কাজ করা, গরুর দুধ দোহানো, গরুর দুধ দিয়ে বিভিন্ন খাবার বানানো এবং তাদের সন্তানদের খাওয়ানোর চিত্র।”
এরপর বিকেল সাড়ে ৪টায় ‘হোম কিচেন ডেইরি রেসিপি কম্পিটিশন’ শিরোনামে একটি রন্ধন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সারি সারি ১৬টি স্টলে নজরকাড়া বাহারি পদের পুষ্টিকর খাবার প্রদর্শন করা হয়। এগুলোর মধ্যে রসগোল্লা, দইবড়া, বোরহানি, কমলপুলি, সাগরদই, আঙুরের পায়েশ, ছানার লুচি, পাটিসাপটা, ম্যাংগো ফর্টিফাইড রাইস পুডিং, শাহি টুকরা, মালাই রস ব্রেড ডিলাইটস ও দুধ পুলি ছিল অন্যতম।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাজিয়া অ্যানি বলেন, “আমাদের প্রথম খাবারটি হচ্ছে ছানার রসগোল্লা, যেখানে কোনো আটা ব্যবহার করা হয়নি। দ্বিতীয় খাবারটি হচ্ছে মালাই রস ব্রেড ডিলাইটস; যা তৈরি করতে মালাই, পাউরুটি, ছানা ও দুধ ব্যবহার করা হয়েছে। এটি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনি এর সুন্দর পরিবেশন বাচ্চাদের সহজেই আকর্ষণ করে।”































