রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের জন্য আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে একটি টার্ফ মাঠ নির্মাণ, হবিবুর রহমান সংলগ্ন মাঠের আধুনিকায়ন এবং সুইমিংপুলের সংস্কার ও আধুনিকায়নের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে বাজেট প্রস্তাবনা জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগ।
বিষয়টি নিশ্চিত করে শরীরচর্চা বিভাগের পরিচালক রোকসানা বেগম টুকটুকি বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের পরিচালক হিসেবে খেলাধুলার উন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের খেলাধুলার সুবিধা নিশ্চিত করতে উন্নত মানের মাঠ তৈরির লক্ষ্যে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় বাজেট প্রস্তাবনা পেশ করেছি।”
তিনি আরও বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের চাওয়া ‘টার্ফ মাঠ’ নির্মাণের বিষয়টি বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে। আশা করি, শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণে আমরা খুব দ্রুত টার্ফ মাঠ নির্মাণে সক্ষম হব।”
প্রস্তাবিত বাজেটে তিনটি প্রধান বিষয়
অন্তর্ভুক্ত করা হয়েছে একটি আধুনিক টার্ফ মাঠ নির্মাণ, হবিবুর রহমান সংলগ্ন মাঠের আধুনিকায়ন, বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলের সংস্কার ও আধুনিকায়ন।
প্রস্তাবটি অনুমোদিত হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।






























