চলতি আগস্টের প্রথম ২২ দিনেই দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী, প্রতি ডলার ১২৩ টাকা ধরে এ রেমিট্যান্সের পরিমাণ প্রায় ২৬ হাজার ৪২০ কোটি ৪০ লাখ টাকা।
রবিবার (২৩ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি আগস্টের প্রথম ২২ দিনে রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে।
২০২৫ সালের ১ থেকে ২২ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। আর চলতি বছরের একই সময়ে এসেছে ২১৪ কোটি ৮০ লাখ ডলার।
অর্থাৎ, এক বছরের ব্যবধানে একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৪৩ কোটি ৭০ লাখ ডলার, যা প্রায় ২৫ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি। এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫০০ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।
গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ৮১ কোটি ৮০ লাখ ডলার, অর্থাৎ প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ।
ব্যাংকারদের মতে, বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় দেশে প্রবাসী আয় বাড়ছে। এই ধারা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে
বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক বৈদেশিক লেনদেনের ভারসাম্যে এর ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






























