প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই তাদের প্ল্যাটফর্মে বেশ কিছু নতুন ফিচার নিয়ে এসেছে। সর্বশেষ এই আপডেটের অংশ হিসেবে অ্যাপল আইপ্যাডের জন্য বিটা টেস্টিং সুবিধা চালু করা হয়েছে। এই পরিবর্তনের ফলে অ্যাপলের ট্যাবলেটে অ্যাপটির ব্যবহার আরও সহজ এবং এর সামগ্রিক পারফরম্যান্স উন্নত হবে।
প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই আইপ্যাড সংস্করণের মাধ্যমে ব্যবহারকারীরা বড় স্ক্রিনে আরও ভালোভাবে প্ল্যাটফর্মটি উপভোগ করতে পারবেন। আইপ্যাড অ্যাপে কোনো ধরনের ত্রুটি বা পারফরম্যান্সের সমস্যা দেখা দিলে তা সমাধানের সুযোগ রাখা হয়েছে। ব্যবহারকারীরা অ্যাপের সেটিংস মেনুর নির্দিষ্ট সেকশন থেকে সরাসরি তাদের মতামত ও ফিডব্যাক জানাতে পারবেন।
আইপ্যাডের পাশাপাশি ব্যবহারকারীদের কাজের প্রচারের সুবিধা দিতে প্রোফাইলে নতুন আপডেট যুক্ত করা হয়েছে। এখন থেকে ব্যবহারকারীরা তাদের প্রোফাইলের একদম ওপরে যেকোনো বাহ্যিক প্ল্যাটফর্মের লিংক যুক্ত করতে পারবেন। এর ফলে কনটেন্ট নির্মাতারা পেট্রিয়ন, কো-ফাইয়ের মতো ক্রাউডফান্ডিং সাইট বা নিজস্ব ওয়েবসাইটের ঠিকানা সহজে প্রদর্শন করতে পারবেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সুবিধার কারণে ফলোয়ারদের কাছ থেকে আরও ভালো সহযোগিতা পাওয়া সম্ভব হবে। এছাড়া সামাজিক মাধ্যম পোস্টগুলোতে প্রচলিত ‘লিংক ইন বায়ো’ লেখার প্রবণতাও এর মাধ্যমে কিছুটা কমে আসবে। বাহ্যিক ওয়েবসাইটের এসব লিংক যুক্ত করার জন্য ব্লুস্কাইয়ের প্রোফাইল সম্পাদনা মেনুতে একটি নতুন সেকশন রাখা হয়েছে।






































