জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১১ জন শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম তাঁদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিনন্দন বার্তায় অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, ‘বিজেএস পরীক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ১১ শিক্ষার্থীর এই সাফল্য তাঁদের মেধা, অধ্যবসায় ও যোগ্যতার স্বাক্ষর। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের।’
একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘সুপারিশপ্রাপ্তরা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’
এসময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করেন।





































