রাজনীতি ডেস্ক: সরকারের অনুমতি পেলে পুলিশ ক্রসফায়ার করতে পিছপা হবে না বলে মন্তব্য করার পর তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির পক্ষ থেকে অবিলম্বে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকিরকে তার দায়িত্ব থেকে অপসারণের দাবি জানানো হয়েছে। পুরান ঢাকায় একটি ব্যাংক উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে পুলিশ প্রধান এই মন্তব্য করেছিলেন। তার এমন বক্তব্যের পর দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলো কঠোর সমালোচনা শুরু করেছে।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ প্রধানের এই ধরনের বক্তব্য দেশের বিদ্যমান আইন, সংবিধান ও মানবাধিকারের পরিপন্থী। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘৃণ্য অপরাধকে পুনরায় বৈধতা দেওয়ার জন্য এটি একটি বিপজ্জনক পাঁয়তারা বলে দলটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সরকারের তরফ থেকে অনুমোদন দিয়েও কখনো কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া সম্ভব নয় বলে জোরালো দাবি করা হয়েছে। বর্তমান সরকারের রাষ্ট্র মেরামতের অঙ্গীকারের সাথে এই ধরনের মন্তব্য স্পষ্ট দ্বিচারিতা এবং অযোগ্য লোক নিয়োগের প্রমাণ বলে মনে করছে দলটি।
এদিকে পুলিশ সদর দপ্তর থেকে রাতে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দাবি করা হয়েছে যে, আইন প্রয়োগে কঠোরতা বোঝাতে আইজিপি রূপক অর্থে এই শব্দ ব্যবহার করেছিলেন। তবে এনসিপি মনে করে, বিগত আমল থেকে শিক্ষা না নিয়ে পুলিশের শীর্ষ পর্যায় থেকে এ ধরনের উসকানিমূলক বক্তব্য দেওয়া চরম ধৃষ্টতা। আইনশৃঙ্খলা রক্ষায় নিজেদের ব্যর্থতা ঢাকতে এই ধরনের জুজু দেখানো এক ধরণের প্রাতিষ্ঠানিক দেউলিয়াত্ব ছাড়া কিছু নয়।
দলটি আরও জানিয়েছে যে, বেআইনি নির্দেশ পালন করতে পুলিশ প্রশাসন বাধ্য নয় এবং পেনাল কোড ও পুলিশ আইনে বিষয়টি স্পষ্টভাবে বলা আছে। মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে এই ধরণের বক্তব্য বেআইনি বলপ্রয়োগে প্ররোচনা যোগাতে পারে এবং নতুন করে মানবাধিকার লঙ্ঘনের পথ উন্মুক্ত করবে। তাই পুলিশ বাহিনীকে সব ধরনের বেআইনি চর্চা থেকে মুক্ত করে অবিলম্বে জুলাই সনদে বর্ণিত পথে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের দাবি পুনর্ব্যক্ত করেছে দলটি।




































