প্রবাস ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনির ক্যামডেন সিটি কাউন্সিলের নবনির্বাচিত ডেপুটি মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমানকে সংবর্ধনা প্রদান করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সম্প্রতি ওরান পার্কের ক্যামডেন সিভিক সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানের জমকালো আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ এবং সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ইউনিভার্সিটি অব নটরডেম অস্ট্রেলিয়ার প্রভাষক সাখাওয়াত নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় এবং অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানের একপর্যায়ে নবনির্বাচিত ডেপুটি মেয়র এলিজা আজাদ রহমানকে মঞ্চে ডেকে নিয়ে আয়োজকদের পক্ষ থেকে ফুল ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে এলিজা রহমানের মেয়ে মাহিকা রহমান, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক মাসুদুল হক এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মো. রহমতুল্লাহ বক্তব্য রাখেন। এছাড়া ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলর শিরিন আক্তার, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, আশিকুর রহমান এবং লেবার পার্টির ক্যামডেন শাখার প্রেসিডেন্ট ব্রায়ান কুলকাট বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে গামা আবদুল কাদের, মো. শফিকুল আলম, সিরাজুল হকসহ অনেক ব্যবসায়ী ও সামাজিক নেতারাসহ মোট ১৮ জন অতিথি তাকে অভিনন্দন জানান।
বক্তারা তাদের বক্তব্যে আশা প্রকাশ করেন যে, এলিজা রহমানের গতিশীল নেতৃত্বে ক্যামডেন সিটির সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তারা মনে করেন, তার এই সাফল্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যকার পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় হবে। পাশাপাশি তিনি স্থানীয় সাধারণ মানুষের সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় যেখানে শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। রোকসানা বেগম, আনিসুর রহমান ও মেহেদী সংগীতে এবং অর্পিতা সম চমৎকার নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন। সার্বিক এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।




































