খেলা ডেস্ক: ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের নারী বিভাগে ইংল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষকে পাত্তায় দেয়নি লাল-সবুজের প্রতিনিধিরা। শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের একক আধিপত্য বজায় রেখে তারা ইংল্যান্ডকে ৭৯-১৩ পয়েন্টের ব্যবধানে বিধ্বস্ত করে। এই জuyuর মাধ্যমে প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় দলটি।
টুর্নামেন্টে এটি ছিল বাংলাদেশ নারী দলের গ্রুপ পর্বের চতুর্থ ও শেষ ম্যাচ। আসরের শুরুটা ভালো না হলেও শেষ ম্যাচে এসে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে বৃষ্টি ও খাদিজারা। সব মিলিয়ে চার ম্যাচের মধ্যে এটি তাদের দ্বিতীয় জয়। গ্রুপ পর্বের খেলা শেষে দুই জয়ে মোট চার পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ দল।
এর আগে আসরের প্রথম ম্যাচে কেনিয়ার কাছে ৩৪-২৫ পয়েন্টে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্কটল্যান্ডকে ৭৫-১৫ পয়েন্টের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছিল তারা। পরবর্তীতে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩১-২০ পয়েন্টের ব্যবধানে হেরে কিছুটা পিছিয়ে পড়েছিল দলটি।
ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে এই জয় পেলেও শেষ পর্যন্ত সেমিফাইনালে খেলা হচ্ছে না বাংলাদেশের। গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতলেও গ্রুপে তৃতীয় অবস্থানে থাকায় তাদের শেষ চারে ওঠার আশা শেষ হয়ে গেছে। তা সত্ত্বেও টুর্নামেন্টের শেষ ম্যাচে এমন বড় জয় দলের খেলোয়াড়দের মনোবল কিছুটা হলেও বাড়িয়ে দিয়েছে।




































