খেলা ডেস্ক: গ্রীষ্মকালীন দলবদলে নিয়মবহির্ভূতভাবে হুলিয়ান আলভারেসের সঙ্গে যোগাযোগ করার অভিযোগে শাস্তি পেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের করা আনুষ্ঠানিক অভিযোগের সত্যতা পেয়ে কাতালান ক্লাবটিকে ৬০২ ইউরো জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আলভারেসের সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে আতলেতিকোর, যা উপেক্ষা করে তার সঙ্গে সরাসরি কথা বলে বার্সেলোনা।
খেলোয়াড়ের বর্তমান ক্লাবকে না জানিয়ে এই যোগাযোগের কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল মাদ্রিদের ক্লাবটি। এমনকি বার্সেলোনার বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছিল। স্প্যানিশ ফেডারেশনের পাশাপাশি ফিফার কাছেও অভিযোগ করেছিল আতলেতিকো, যদিও বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা জানায় বিষয়টি তাদের এখতিয়ারভুক্ত নয়।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়মাবলির ১৩৩ ধারা অনুযায়ী বার্সেলোনাকে এই আর্থিক জরিমানা করা হয়েছে। এর আগে বিশ্বকাপ চলাকালে এক সাক্ষাৎকারে বার্সেলোনায় খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এমন মন্তব্যের পর থেকেই ক্লাবটির সমর্থকদের তোপের মুখে পড়েন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
চলতি মৌসুমে ঘরের মাঠে নিয়মিতভাবেই দর্শকদের দুয়ো শুনতে হয়েছে এই ফরোয়ার্ডকে। তবে সম্প্রতি দেপোর্তিভো লা করুনার বিপক্ষে গোল করার পর সমর্থকদের একাংশ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। নিজের ভুলের জন্য সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন আলভারেস, যা তাদের সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিচ্ছে।




































