কৃষি ও পরিবেশ ডেস্ক: ঢাকাসহ দেশের ছয়টি অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৩০ অক্টোবর সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এই সময় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, নির্দিষ্ট ওই সময়সীমার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তবে দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
পরবর্তী দিন অর্থাৎ ৩১ অক্টোবর সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওইদিনও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রায় কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় থাকা ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ক্রমান্বয়ে দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে ছত্তিশগড় ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে এগিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এছাড়া দক্ষিণ আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় নতুন আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।



































