কৃষি ও পরিবেশ ডেস্ক: হাওয়াই দ্বীপের অত্যন্ত বিপন্ন প্রজাতির ‘আকিয়াপোলাআউ’ পাখি কাঠঠোকরা না হয়েও গাছের কাঠ খুঁড়ে খাবার সংগ্রহ করে। কাঠের ভেতর থেকে পোকামাকড়ের লার্ভা খুঁজতে এই পাখি তার অদ্ভুত ঠোঁটের পাশাপাশি পুরো দেহের শক্তি প্রয়োগ করে। সম্প্রতি বিজ্ঞানীরা এই হাওয়াইয়ান পাখির অনন্য শারীরিক গঠন ও শিকার ধরার কৌশলের নতুন তথ্য প্রকাশ করেছেন। রয়টার্সের মাধ্যমে জানা যায় যে, হাওয়াই দ্বীপে স্থানীয় কোনো কাঠঠোকরা না থাকায় এই পাখিটি নিজস্ব কৌশলে সেই শূন্যস্থান পূরণ করেছে।
গবেষণাটি সম্পন্ন করতে বিজ্ঞানীরা ক্যালিফোর্নিয়ার বিভিন্ন জাদুঘর থেকে পাখিটির তিনটি কঙ্কাল পরীক্ষা করে অন্যান্য ফিনচ গোত্রের পাখির সঙ্গে তুলনা করেছেন। বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘অরনিথোলজি’তে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষণার প্রধান লেখক আলেকজান্ডার ক্লার্ক জানিয়েছেন যে, পাখিটি প্রথমে গাছের ডালে টোকা দিয়ে ফাঁপা জায়গা শনাক্ত করে। সঠিক জায়গা পাওয়ার পর এটি মুখ বড় করে হাঁ করে এবং কেবল নিচের শক্ত ঠোঁট দিয়ে সজোরে কাঠ খোদাই করতে শুরু করে।
খোদাই করার পর পাখিটি তার সরু ও নমনীয় ওপরের ঠোঁটটি গর্তের ভেতরে ঢুকিয়ে এদিক-ওদিক নাড়িয়ে শিকার খুঁজে বের করে খায়। পাখিটির ওপরের ঠোঁটের ভেতরের হাড়ের কাঠামো বাইরের আবরণের তুলনায় প্রায় ৩৮ শতাংশ ছোট হওয়ায় এটি সহজে বাঁকানো যায়। এছাড়া পাখিটির ফিমার বা উরুর হাড় আনুপাতিকভাবে ছোট এবং গোড়ালি বাঁকানোর জন্য বিশেষ পেশির সংযোগস্থল রয়েছে। কাঠ খোদাই করার সময় এই শারীরিক বৈশিষ্ট্যগুলো পাখিটিকে পুরো দেহ দিয়ে কোদালের মতো জোর খাটাতে সাহায্য করে।
কাঠঠোকরারা সাধারণত ঘাড়ের পেশির জোর ব্যবহার করে মাথা দিয়ে আঘাত করলেও আকিয়াপোলাআউয়ের ক্ষেত্রে এটি পুরো দেহের একটি সমন্বিত কাজ। বারবার কাঠে আঘাত হানার ফলে মাথায় যে চাপ সৃষ্টি হয়, তা সামলানোর জন্য পাখিটির খুলিতে কিছুটা শক্ত কাঠামো রয়েছে। এই জটিল কৌশল রপ্ত করতে বেশ সময় লাগে এবং ছানারা বয়স্ক পাখিদের সঙ্গে থেকে এটি শেখে। গবেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, হাওয়াইয়ান হানিক্রিপার প্রজাতির এই পাখিগুলো বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।






































