যশোরের শার্শা ও বেনাপোলে মশক নিধনসহ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে র্যালি, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং দুপুরে বেনাপোল পৌরসভার উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিগুলোতে বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বাজারে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ এবং শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির উপস্থিত ছিলেন।
এদিকে দুপুরে বেনাপোল পৌরসভার আয়োজনে বেনাপোল বলফিল্ড থেকে আরেকটি র্যালি বের করা হয়। র্যালিটি বেনাপোল বাজার হয়ে বিজিবি ক্যাম্পের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
পরে বেনাপোলে আয়োজিত পথসভায় বক্তব্য দেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফজলে ওয়াহিদ, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাংবাদিক বকুল মাহবুব এবং জামায়াত নেতা মতিয়ার রহমান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ জানান, ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এখন থেকে প্রতি শনিবারে মশক নিধন কার্যক্রম চলমান থাকবে।























